শিক্ষাবিদ আরশাদ আহমেদের উদ্যোগে প্রতিষ্ঠিত ধামুরা ডিগ্রী কলেজের যাত্রা শুরু হয় ১৯৭০ সালে। স্থানীয় শিক্ষানুরাগীদের সহযোগিতায় প্রায় সাড়ে সাত একর জমির উপরে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। প্রাথমিক পর্যায়ে অপ্রতুল অবকাঠামো এবং স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে এই কলেজের পথ চলা শুরু হলেও বর্তমানে বহুতল ভবন সমূহে প্রতিষ্ঠানটির কাঠামোগত বিস্তৃতি হয়েছে।
শিক্ষার উচ্চ মানের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বরিশাল জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেছে।এই কলেজের অনেক ছাত্রছাত্রী দেশে ও বিদেশে শিক্ষা ও পেশাগত জীবনে সম্মানজনক সাফল্য অর্জন করেছে, যে ধারা এখনো অব্যাহত রয়েছে।ক্রীড়া, সংস্কৃতি, সৃষ্টিশীল, মানবিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রমে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ভূমিকা ও অংশগ্রহণ এর পরিচিতিকে করেছে আরো গৌরবোজ্জ্বল।
বর্তমানে ধামুরা ডিগ্রী কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় বারো শতাধিক। অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য সরকারী শিক্ষা উপবৃত্তি ছাড়াও শিক্ষা সহায়তার জন্য রয়েছে কলেজের নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ বৃত্তি।
অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী ও প্রশিক্ষিত স্টাফের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানের সাফল্যের ধারা বজায় রাখার জন্য এলাকাবাসীর দৃষ্টি ও সহযোগিতা ধামুরা ডিগ্রী কলেজের অগ্রযাত্রার অন্যতম সহায়ক।